ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু ন্যায্যতা, অর্থায়ন ও ক্ষতি মোকাবিলায় গুরুত্ব দেয়ার তা‌গিদ তারেক রহমা‌নের

muktabangla
নভেম্বর ১২, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের দাবি ও প্রত্যাশা তুলে ধরে আজ (বৃহস্পতিবার) জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্বনেতাদের এই সম্মেলনে বাংলাদেশের জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো তাঁর বক্তব্যে তুলে ধরবেন। সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্লেনারি অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য রাখবেন।
এদিকে গতকাল তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এ অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল উল্দ শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।জলবায়ু ন্যায্যতায় বাংলাদেশের দাবি : প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।
বাংলাদেশের জলবায়ু সহনশীলতা অর্জনের অভিজ্ঞতা এবং দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু অভিঘাত মোকাবিলায় দেশের বিভিন্ন উদ্যোগও বিশ্বনেতাদের সামনে তুলে ধরার কথা রয়েছে।গ্লোবাল সাউথের নেতৃত্ব চায় বাংলাদেশ : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ একা নয়। বরং ক্ষতিগ্রস্ত সব দেশকে সঙ্গে নিয়ে তহবিল সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে চায়। বিশেষ করে, গ্লোবাল সাউথের দেশগুলোর নেতৃত্ব পর্যায়ে যেতে চায় বাংলাদেশ।এরদোগানের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা ও নৈশভোজে সস্ত্রীক অংশগ্রহণ : মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক মানবিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।এছাড়া গতকাল বুধবার রাতে এরদোগান ও ফার্স্ট লেডি এমিনে এরদোগানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক : সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। স্থানীয় সময় গতকাল বিকাল পৌনে ৩টায় সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন দুই দেশের শীর্ষ নেতা। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয় দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের  (কপ৩১) সাইড লাইনে গতকাল বিকাল সাড়ে ৪টায় দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।