ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে বাক্সে ভরে মাটিচাপা : ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার

muktabangla
নভেম্বর ১২, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি বাক্সের ভেতর মাটিচাপা অবস্থায় ১১ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটিকে তার বাবা মাটিচাপা দিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির নাম কোয়াহ শার্প। লেক্সিংটন কাউন্টি পুলিশ কার্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার শিশুটিকে তার বাবা ২৫ বছর বয়সী মাইকেল কোমার মায়ের বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় কোমারকে গ্রেপ্তার করা হলেও তার সঙ্গে শিশুটি ছিল না।

লেক্সিংটন কাউন্টি পুলিশ কর্মকর্তা জে কুন এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার বাবার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, এমন একটি জায়গায় শিশুটিকে ‘জীবন্ত মাটিচাপা অবস্থায়’ উদ্ধার করা হয়। তখন তার অবস্থা অত্যন্ত নাজুক ছিল। ধারণা করা হচ্ছে, প্রায় ২৪ ঘণ্টা ধরে সে ওই অবস্থায় ছিল।

শিশুটিকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তা কুন। শিশুটির বাবার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা নিয়ে পুলিশ কাজ করছে।

সোমবার শিশুটির বাবা তাকে মায়ের বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। পুলিশ কর্মকর্তা কুন জানান, কোমারের মা শিশুটির দেখাশোনা করছিলেন। একপর্যায়ে তিনি অল্প সময়ের জন্য শিশুটিকে ছেলের কাছে রেখে অন্য কাজে যান। তখনই কোমার হঠাৎ শিশুটিকে নিয়ে চলে যান।

পরে কোমারকে শিশুটিকে ছাড়াই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে লেক্সিংটন কাউন্টিতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শিশুটির সন্ধানে পুলিশ ও দমকল বিভাগের প্রায় ১০০ সদস্যের একটি দল অভিযান শুরু করে।

পুলিশ কর্মকর্তা জানান, শিশুটি কোথায় আছে, তা কোমারের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে তেমন কিছু বলেননি।

পরে উদ্ধারকারীরা কোমারের বাবার বাড়ির কাছের জঙ্গলে তল্লাশি চালান। সেখানে সদ্য মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পান তারা। খোঁড়াখুঁড়ি শুরু করতেই শিশুর কান্নার শব্দ শুনতে পান উদ্ধারকারীরা।

পুলিশ কর্মকর্তা কুন বলেন, ‘জীবনে শোনা সবচেয়ে আনন্দের শব্দ ছিল সেটি।’ তিনি আরও বলেন, শিশুটিকে উদ্ধারে সবাই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

তার ধারণা, শিশুটিকে যে বাক্সে রাখা হয়েছিল, সেটি একটি তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। তোয়ালেটি বাক্সের ভেতরে শিশুটির বেঁচে থাকার মতো পর্যাপ্ত বাতাস চলাচলের সুযোগ করে দিয়ে থাকতে পারে। অন্যদিকে, ঠাণ্ডা আবহাওয়ার কারণে শিশুটির শরীর অতিরিক্ত গরম হয়ে ওঠেনি।

বাক্সটির আকার সম্পর্কে পুলিশ কর্মকর্তা কুন বলেন, সেটি সম্ভবত প্রায় দুই ফুট বাই দুই ফুট মাপের একটি কুকুর রাখার খাঁচা ছিল। তার ধারণা, বাক্সটি মাটিতে রাখার পর এর ওপর অন্তত এক ফুট মাটি চাপা দেওয়া হয়েছিল।

শিশুটির মা-বাবার সম্পর্কের বিষয়ে পুলিশ কর্মকর্তা কুন বলেন, তাদের মধ্যে ‘স্পষ্টতই কিছু সমস্যা ছিল’। আদালতের নথি অনুযায়ী, এর আগে পারিবারিক সহিংসতার অভিযোগে দায় স্বীকার করেছিলেন কোমার।

এদিকে কোমারের মা প্যাট্রিসিয়া কোমার এনবিসি নিউজকে বলেন, শিশুটির মায়ের পূর্ণ অভিভাবকত্ব ছিল। তবে তার ছেলে শিশুটির দেখাশোনা করার সময় তিনি তত্ত্বাবধান করতেন। এর আগেও তার ছেলে একা শিশুটির দেখাশোনা করেছে এবং তখন কোনো সমস্যা হয়নি।

প্যাট্রিসিয়া কোমার বলেন, ‘সত্যি বলতে, আমি ওর মা। ওর কাছ থেকে এমন কিছু কখনো আশা করিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।