আরিফ হোসেন ::
নুরুল ইসলাম বিটিসিএলের উধ্বতন হিসাব রক্ষক হিসেবে দীর্ঘদিন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানী লিমিটেডে (বিটিসিএল) সেবা দিয়েছেন। কিন্তু নিজের অবসরকালীন সেবায় পড়েছেন বিড়ম্বনায়।নিয়মিত পাচ্ছেন না পেনশনের টাকা। তিন মাস কিংবা চার মাস লেগে যাচ্ছে পেনশন পেতে। ফলে তার নিয়মিত ওষুধ কেনাসহ অন্য খরচ নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ২০০৮ সালের পহেলা জুলাই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড - বিটিটিবি রূপান্তরিত হয় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড- বিটিসিএল। তারপর থেকে ২০১৫ সালের ১ লা জুলাই থেকে টেলিযোগাযোগ অধিদপ্তর -ডিওটি রূপান্তরের আগ পর্যন্ত যারা অবসরে গেছেন সেই প্রায় ৫ হাজার কর্মকর্তা, কর্মচারী এই বিড়ম্বনার শিকার হচ্ছে।
দীর্ঘদিন দপ্তরে দপ্তরে ঘুরে বিষয়টি সুরাহা করতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ করেছেন নুরুল ইসলাম। সে লিখিত অভিযোগে তিনি বলেন, যারা ডিওটি গঠণের পর অবসরে গেছেন তারা নিয়মিত পেনশন পাচ্ছেন। তিনিসহ হাজার হাজার অনিয়মিত পেনশনাররা ডিওটি গঠনের আগে অবসরে গেছেন তারা এই পেনশন অনিয়মিতভাবে পাচ্ছেন। তারা এই বৈশ্যম্য দুর করার দাবী জানিয়েছেন।
‘চতুর্থবারের মতো স্ট্রোক করেছি। স্ত্রীর সাহায্য ছাড়া চলতে পারি না। নিয়মিত ওষুধের পেছনে অনেক টাকা ব্যয় হয়। সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা। তবে সেই টাকাও নিয়মিত পাই না। তিন মাস, চার মাস পরপর টাকা পাই। খুব কষ্টে আছি।’
কথাগুলো বলছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক সিনিয়র টেলিফোন অপারেটর আবদুল মতিন। ২০০৯ সালে এই পদ থেকে অবসরে যান তিনি। তবে চাকরিতে যখন ঢুকেছিলেন, তখন প্রতিষ্ঠানটির নাম ছিল বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি)।
প্রতিষ্ঠানটির রূপান্তর ও পরবর্তী প্রশাসনিক জটিলতায় প্রায় পাঁচ হাজার সাবেক কর্মকর্তা-কর্মচারী পেনশন নিয়ে সমস্যায় পড়েছেন। কখনো তিন মাস, কখনো চার মাস পরপর পেনশনের টাকা পান বলে তাঁরা জানান। কয়েক মাস আবার বন্ধ হয়ে যায়। এতে দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে তাঁদের।
বিটিসিএলের অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী খসরু আহমেদ ঢাকার বাইরে একটি জেলা শহরে অবসর যাপন করছেন। তিনি বলেন, ‘মাসে শুধু ওষুধ খরচই লাগে ৪ থেকে ৫ হাজার টাকা। সংসার চালানোর জন্য পুরোপুরি পেনশনের টাকার ওপর নির্ভর করি। সেটাও পাই অনিয়মিত। আমাদের দুরবস্থা দেখার মানুষ নেই।’
টেলিকম টেকনিশিয়ান পদ থেকে অবসরে যাওয়া নূর মোহাম্মদ জানান, সেপ্টেম্বর ও অক্টোবর—দুই মাসের পেনশনের টাকা এখনো পাননি।
বিটিসিএল সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) বিলুপ্ত হয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গঠনের পর প্রতিষ্ঠানটির সাবেক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও অবসরকালীন আর্থিক সুবিধা নিয়ে দীর্ঘদিনের জটিলতা তৈরি হয়েছে। সূত্র বলছে, ২০০৮ সালের ১ জুলাই থেকে বিটিটিবির কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বিটিসিএলে স্থানান্তরিত হন। অন্যদিকে পরবর্তী সময়ে কিছু কর্মকর্তা-কর্মচারীকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন টেলিযোগাযোগ অধিদপ্তরে (ডিওটি) রাজস্ব খাতে আত্তীকরণ করা হয়। ফলে একই প্রতিষ্ঠানের পূর্ববর্তী কর্মীদের মধ্যে অবসরকালীন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে ভিন্নতা তৈরি হয়েছে।
মূলত, ২০০৮ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩০ জুনের মধ্যে যেসব কর্মকর্তা–কর্মচারী অবসর গ্রহণ করেছেন, তাঁদের পেনশন অনিয়মিত। যেমন গত বছরের আগস্ট মাস থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ১২ মাসের মধ্যে খসরু আহমেদ নিয়মিত (মাসের টাকা মাসে) পেনশন পেয়েছেন মাত্র চার মাস।
আবার টেলিকম টেকনিশিয়ান পদ থেকে অবসরে যাওয়া নূর মোহাম্মদ জানান, সেপ্টেম্বর ও অক্টোবর—দুই মাসের পেনশনের টাকা এখনো পাননি।
আবার উধ্বতন হিসাব রক্ষক নুরুল ইসলাম জুলাই
আগষ্ট , সেপ্টেম্বর ও অক্টোবরেরপেনশনের টাকা এখনো পাননি।
এ ব্যাপারে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন বলেন, ‘সমস্যা সমাধানের জন্য আমরা জোর চেষ্টা করছি। আগামী মাস থেকে হয়তো এই সমস্যা থাকবে না।’
গাফিলতি কার
বিটিসিএল হলো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রধান টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন, টেলিফোন ও ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং আধুনিক ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার কাজ করে প্রতিষ্ঠানটি। এর যাত্রা শুরু হয় ১৯৬২ সালে পাকিস্তান টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ হিসেবে। স্বাধীনতার পর ১৯৭১ সালে এটি বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ নামে পুনর্গঠিত হয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হতে থাকে।
১৯৭৯ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) রাখা হয়। পরে ২০০৮ সালের ১ জুলাই বিটিটিবিকে বিটিসিএলে রূপান্তর করা হয়।
বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮-এর ৫(এ) ধারার ক্ষমতাবলে সরকার ও বিটিসিএলের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী বিটিসিএলের ওপর সাবেক বিটিটিবি কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন আর্থিক দায়ভার বহনের বাধ্যবাধকতা রয়েছে। ভুক্তভোগী সাবেক কর্মীরা বলছেন, চুক্তির শর্ত অনুযায়ী, যেসব কর্মীর ক্ষেত্রে অবসর আইন প্রযোজ্য, তাঁদের পেনশন নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় অর্থ সরকারকে সরবরাহ করার কথা বিটিসিএলের; কিন্তু তা হচ্ছে না।
বিটিসিএলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পেনশনের টাকা ছাড় করার জন্য বিটিসিএলের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হয়। কিন্তু পর্ষদ সভা নিয়মিত না হওয়ার কারণে টাকা ছাড় হতে দেরি হয়। আবার প্রকৃতপক্ষে মোট কত টাকা পেনশন লাগছে এবং কার কত মাসের বকেয়া রয়েছে, সে–সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (এজি অফিস) ও সংশ্লিষ্ট বিভাগ থেকে পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।
তবে জটিলতার জন্য বিটিসিএলকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। তাঁদের ভাষ্য, প্রতিষ্ঠান চাইলেই এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের একজন অবসরপ্রাপ্ত কর্মী বলেন, ‘এটা পুরোপুরি বিটিসিএলের গাফিলতি। এত বছর চাকরি করার পর এখন কেন আমাদের এভাবে ভুগতে হবে? বারবার তাদের লিখিতভাবে সবকিছু জানানো হয়েছে অথচ তারা কোনো ব্যবস্থা নেয় না।
