কাগজ প্রতিবেদক::
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন নান্নু নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বুধবার (২১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর মা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দারুল আববার মাদরাসায় পড়তে যায় ওই ছাত্রী। এ সময় শিক্ষক নান্নু তাকে একা অফিসকক্ষে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।