আরিফ হো‌সেন ::
রাজধানী ঢাকাসহ দেশজু‌ড়ে নতুন আতঙ্ক ককটেল বিস্ফোরণ আর যানবাহ‌ণে আগুন সন্ত্রাস। সন্ধ্যা হতেই ঢাকা মহানগরী কিংবা জেলা শহর বরা নগরের বিভিন্ন স্থানে কক‌টেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা বা‌সে বা ট্রা‌কে আগুন দি‌য়ে জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে পতিত ফ্যাসিস্ট চক্র। এতে অনেকেই আহত হচ্ছেন এবং জান-মালের ক্ষতিও হচ্ছে কমবেশি। পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক নেতাদের আর্থিক মদত ও নির্দেশনায় এসব ককটেল বিস্ফোরণও আগুন সন্ত্রাসঙঙঙ ঘটানো হচ্ছে। ককটেল তৈরি ও নিক্ষেপের জন্য ঢাকার বাইরে থেকে ভাড়া করে আনা হচ্ছে প্রশিক্ষিত ক্যাডার বাহিনী। এ রকম বেশ কয়েকজন পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ৭ নভেম্বর পর্যন্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় শুধু রাজধানীতে বিস্ফোরকদ্রব্য আইনে ৭৭টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৭৫ জনকে। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ককটেল, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ নাশকতাকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে আইজিপি আলী হোসেন ফকির বলেন, প্রকৃত নাশকতাকারীদের গ্রেপ্তার করতে হবে। নির্বিচারে কাউকে গ্রেপ্তার করা যাবে না। সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ ও এসআরবি সূত্র জানায়, রাজধানীতে ককটেল ও পেট্রোল বোমাসহ গ্রেপ্তার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাদের ঢাকার বাইরে থেকে ভাড়া করে আনা হয়েছে। তারা হাতবোমা তৈরি ও নিক্ষেপে অভিজ্ঞ। তারা নানা কৌশলে সীমান্তের ওপার থেকে গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে। বিভিন্ন গোপন আস্তানায় তৈরি করে হাতবোমা। অধিকাংশ ক্ষেত্রে হেলমেট পরিহিত অবস্থায় নম্বর প্লেটবিহীন বা ভুয়া নম্বরপ্লেট সংবলিত মোটর সাইকেল ব্যবহার করে। ককটেল নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। বেশিরভাগ ঘটনায় তাদের টার্গেট থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থাপনা।

গত ৯ নভেম্বর ঢাকার আদাবর থেকে ছয়টি পেট্রোল বোমা ও প্রায় এক কেজি গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করে এসআরবি। শ্যামলী রিং রোড থেকে গ্রেপ্তার হওয়া মাহবুব হোসেন ও রাশেদ কবির জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশে তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। তাদের অর্থায়ন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতা। তারা আরো কয়েকজনকে ককটেল তৈরি ও নিক্ষেপের জন্য ভাড়া করেছিল।

গত ১০ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থান থেকে ককটেলসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, টাকার বিনিময়ে ককটেল নিক্ষেপ করে তারা। ওই ৯ জনের মধ্যে সাবুল সরদার নামে ছাত্রলীগের এক কর্মীও ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, পনেরশ টাকার চুক্তিতে সে ককটেল নিক্ষেপ করে। খিলগাঁওয়ের সজীব নামে ছাত্রলীগের এক নেতা তাকে ওই ককটেল ও টাকা দেয়। ককটেল নিক্ষেপের ভিডিও ধারণের জন্যও আরেকজনকে এক হাজার টাকা দিয়ে ভাড়া করে সজিব। ককটেল ফাটানোর পর সেই ডিভিও টেলিগ্রাম অ্যাপসে দলের নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন কর্মকর্তা জানান, ককটেল বিস্ফোরণ ও নাশকতার গোপন নেটওয়ার্ক চলে দেশে-বিদেশে থাকা আওয়ামীপন্থি কিছু ব্যবসায়ীর অর্থে। নিষিদ্ধ সংগঠনের কিছু নেতার সরাসরি নির্দেশ ও আর্থিক সহায়তায় এই নাশকতামূলক কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে নাশকতার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া মোবাইল ব্যাংকিং ও হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। কোন কোন মাধ্যমে এবং কার কার অ্যাকাউন্টে বা হুন্ডির মাধ্যমে টাকা আসছে, তার সুনির্দিষ্ট ব্যাংক ট্রানজাকশন ও ফিন্যানসিয়াল ট্রেইলসহ বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ।

তাদের অনুসন্ধানে দেখা যায়, নাশকতাকারীরা বিভিন্ন এনক্রিপ্টেড ও সিকিউরড চ্যাট অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার পাশাপাশি হামলার স্থান ও সময় নির্ধারণ করছে। গোয়েন্দা সংস্থার সাইবার উইংয়ের বিশেষ প্রযুক্তির সহায়তায় এসব সিক্রেট গ্রুপের অনেক সদস্যের ভার্চুয়াল আইডি শনাক্ত করা হচ্ছে। অনেকের আদান-প্রদান করা গুরুত্বপূর্ণ মেসেজ উদ্ধার করা হয়েছে। কেউ কেউ বিদেশি নম্বর ব্যবহার করছে।

পুলিশের বিশেষ শাখার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের মাঠ পর্যায়ের প্রশিক্ষিত ক্যাডারদের নিয়ে বেশ কয়েকটি গোপন ‘গেরিলা সেল’ বা টাস্কফোর্স গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তারা সাধারণ শ্রমিক, হকার বা পথচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। ২-৩ জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ ঘটায় বা যানবাহনে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তারা নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে চলাচল করে। কখনো কখনো তারা ভুয়া নম্বরপ্লেটও ব্যবহার করছে।

ডিএমপি থেকে প্রাপ্ত পরিসংখ্যান বলছে, রাজধানীতে বিস্ফোরক দ্রব্য আইনে চলতি বছরের প্রথম ১০ মাস সাতদিনে ৭৭টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ১৭৫ জন। সবচেয়ে বেশি মামলা হয়েছে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায়। এ দুটি থানায় আটটি করে মামলা হয়েছে। এছাড়া শাহবাগ থানায় ছয়টি, হাতিরঝিল, পল্লবী, বাড্ডা ও পল্টন থানায় চারটি করে মামলা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে বনানী থানা। সেখানে তিনটি মামলায় গ্রেপ্তার হয়েছে ২৫ জন। রমনা মডেল ও শেরেবাংলা নগর থানায় তিনটি করে মামলা হয়েছে। কদমতলী, খিলগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, দক্ষিণখান, নিউমার্কেট, বাড্ডা, ভাটারা, মতিঝিল, মিরপুর মডেল ও রামপুরা থানাসহ কয়েকটি এলাকায় দুটি করে মামলা হয়েছে। ধানমন্ডি থানায় একটি মামলায় গ্রেপ্তার হয়েছে ২০ জন। পল্লবী থানায় চারটি মামলায় ১৮ জন গ্রেপ্তার হয়েছে। মোহাম্মদপুর থানায় আটটি মামলায় ১১ জন এবং ওয়ারী ও কদমতলী থানায় ১০ জন করে গ্রেপ্তার হয়েছে। কাফরুল ও তেজগাঁও থানায় নয়জন করে গ্রেপ্তার হয়েছে। বাড্ডা ও ভাটারা থানায় আটজন করে এবং ক্যান্টনমেন্ট থানায় সাতজন গ্রেপ্তার হয়েছে।

এদিকে রাজধানীতে নভেম্বরের প্রথম সাত দিনে ককটেল বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনায় ১৮টি মামলা হয়েছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৫টি এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এসব ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৮টি অবিস্ফোরিত ককটেল।

ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, আমরা আটককৃতদের জিজ্ঞাসাবাদে জেনেছি, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা তিন স্তরে নাশকতার পরিকল্পনা করেছে। মাঠে এখন প্রাথমিক স্তরের টিম সক্রিয়। ১৫ নভেম্বর থেকে মাঠে নামবে দ্বিতীয় স্তরের টিম। ওই টিমের সদস্যরা সাম্প্রতিক সময়ের চেয়ে উচ্চমাত্রার নাশকতার অপচেষ্টা করবে। সব শেষে নামানো হবে মাস্টার টিম। ওই টিমের সঙ্গে দেশি-বিদেশি ভয়ানক কিছু চক্র যুক্ত হতে পারে।

বাড়ানো হয়েছে টহল ও নজরদারি

ডিএমপি সূত্র জানায়, ককটেল নিক্ষেপকারী ও যানবাহনে অগ্নিসংযোগকারীদের ধরতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তামূলক ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই ও সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।

অর্থদাতা ও কারিগরদের শনাক্ত করা হচ্ছে

ডিএমপির উপ-কমিশনার আকতার হোসেন আমার দেশকে বলেন, বোমা নিক্ষেপকারী ও যানবাহনে আগুন দেওয়া বেশকিছু নাশকতাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। যে কোনো ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ এসব মামলার তদন্ত করে। এরই মধ্যে বোমার কারিগর, গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম সরবরাহকারী, অর্থের যোগানদাতা চক্রকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নগরবাসীর নিরাপত্তায় পুলিশি কার্যক্রম বাড়ানো হয়েছে।