রুমি হোসেন ::
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় সশরীরে উপস্থিত হয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় গিয়ে লিখিত এজাহার জমা দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলায় ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত তাবাসসুম। এদিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে ছিলেন বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা।
নুসরাতের বাড়িতেএজাহারের বর্ণনা অনুযায়ী, বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন
স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে বলা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। বাড়ির গোয়ালে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।