ব্যবসা শুরু করতে চান, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই? এমন তরুণদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তার সুযোগ রেখেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবসা গড়ে তোলা কিংবা বিদ্যমান উদ্যোগ সম্প্রসারণে এ ঋণ কাজে লাগাতে পারবেন সম্ভাবনাময় উদ্যোক্তারা। তবে বিনা জামানতে ঋণ পাওয়ার সুযোগ থাকলেও উদ্যোক্তা হওয়ার পথে বড় একটি শর্ত হয়ে দাঁড়িয়েছে বয়সসীমা। নির্ধারিত কর্মসূচির আওতায় ঋণ ও অনুদান পেতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। ফলে ব্যবসা শুরুর আগ্রহ ও সক্ষমতা থাকলেও বয়সের সীমাবদ্ধতায় অনেক তরুণ এ সুযোগের বাইরে থেকে যেতে পারেন।

ঋণ পেতে শুধু আগ্রহ থাকলেই হবে না, পূরণ করতে হবে নির্ধারিত যোগ্যতা এবং জমা দিতে হবে বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সেগুলো জেনে নেওয়া জরুরি।

যেভাবে আবেদন করবেন

তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ: ব্যাংকে যোগাযোগ

প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ কর্মসূচি সম্পর্কে জানতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

দ্বিতীয় ধাপ: ঋণের শর্ত জেনে নেওয়া

ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণের যোগ্যতা, সুদের হার, আবেদনপ্রক্রিয়া, পরিশোধের সময়সীমা এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।

তৃতীয় ধাপ: আবেদন ফরম পূরণ

ব্যাংক থেকে সংগ্রহ করা নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া গেলে সেখান থেকেও সংগ্রহ করা যেতে পারে।

চতুর্থ ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র জমা

আবেদন ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র এবং পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা সংযুক্ত করে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সময় সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়, সেগুলো হলো

১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি।

২. হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)।

৩. শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত অনুলিপি।

৪. পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।

৫. ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

বিজনেস প্ল্যানে যা উল্লেখ করতে হবে

ঋণের আবেদন বিবেচনার ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিজনেস প্ল্যান তৈরির সময় কয়েকটি বিষয় স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

কী ধরনের ব্যবসা শুরু করতে চান এবং এর জন্য প্রাথমিক বিনিয়োগ কত প্রয়োজন।

পণ্য বা সেবার বাজার চাহিদা কেমন এবং কীভাবে তা বাজারজাত করা হবে।

ব্যবসার সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফার হিসাব।

ঋণের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে।

ব্যবসা থেকে আয় করে কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করা হবে।

প্রস্তাবিত ব্যবসার মাধ্যমে কতজনের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে আলাদা কাগজে বা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

ঋণ পেতে যেসব বিষয়ে গুরুত্ব দেবেন

ঋণের আবেদন গ্রহণযোগ্য করতে ব্যবসায়িক পরিকল্পনা হতে হবে বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যনির্ভর। শুধু কত টাকা ঋণ প্রয়োজন, তা উল্লেখ করলেই হবে না। ঋণের অর্থ কীভাবে ব্যবহার করা হবে, ব্যবসা থেকে সম্ভাব্য আয় কত হতে পারে এবং সেই আয় থেকে কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব, তার বিস্তারিত হিসাব তুলে ধরতে হবে।

পাশাপাশি প্রস্তাবিত ব্যবসার বাজার সম্ভাবনা, পণ্য বা সেবার চাহিদা এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে। ব্যবসাটি বাস্তবে কতটা লাভজনক হতে পারে, সে বিষয়ে ব্যাংককে একটি পরিষ্কার ধারণা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার পর যা হবে

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করবে। এ সময় আবেদনকারীর বয়স ও অন্যান্য যোগ্যতা, ব্যবসায়িক পরিকল্পনা, প্রকল্পের সম্ভাব্যতা এবং ব্যাংকের নিজস্ব নীতিমালা পর্যালোচনা করা হবে। সবকিছু বিবেচনার পর ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্যাংক।

তবে আবেদন করলেই ঋণ পাওয়া নিশ্চিত নয়। ঋণের পরিমাণ, সুদের হার, জামানতের শর্ত, বয়সসীমা, যোগ্যতা এবং অন্যান্য বিষয় বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা ও সংশ্লিষ্ট ব্যাংকের নীতিমালার ওপর নির্ভর করবে।

তাই আবেদন করার আগে নিকটস্থ ব্যাংক শাখা থেকে কর্মসূচির সর্বশেষ নিয়মকানুন, বিনা জামানতে ঋণ পাওয়ার শর্ত এবং বয়সসংক্রান্ত যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি। বিশেষ করে ২৮ বছর বয়সসীমার শর্তটি যাচাই করে আবেদন করা উচিত, যাতে অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয় না হয়।