নিজস্ব প্রতিবেদক ::
প্রাণের কুষ্টিয়া আমাদের শিকড়, ঐক্য আমাদের শক্তি, মানবকল্যাণ আমাদের অঙ্গীকার- এই শ্লোগানে অনুষ্ঠিত হলো কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বর্ণিল ৩০ তম বার্ষিক সাধারণ সভা ২০২৫, হিসাব বিবরণী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এসব অনুষ্ঠানমালা।
ঢাকায় বসবাসরত কুষ্টিয়াবাসীর পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হোক। প্রিয় কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকার আশাবাদ।
সমিতির ইতিহাসে প্রথমবারের মতো এবার সদস্যদের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধাসংবলিত ‘অপরচুনিটি কার্ড’ চালুর উদ্যোগ আমাদের সাংগঠনিক কার্যক্রমে একটি নতুন সংযোজন। এর মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের পরিসর আরও বিস্তৃত হবে বলেও আমরা ভীষণ আশাবাদী।
সদস্যদের জন্য মেডিকেল সেন্টার, হাসপাতাল, রিসোর্ট ও পরিবহনে বিশেষ ছাড়ঃ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সদস্যদের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবাদানকারী সংস্থার সঙ্গে বিশেষ ছাড় সুবিধা যুক্ত করানো হয়েছে। সমিতির বৈধ সদস্য বা অপরচুনিটি আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে এসব সুবিধা গ্রহণ করতে পারবেন সদস্যরা।
কার্ড প্রদান উপ-কমিটি জানিয়েছে, ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ও পিসিআর ল্যাব পরীক্ষায় ৩৫ শতাংশ এবং রেডিওলজি, ইমেজিং, পিইটি-সিটিসহ অন্যান্য পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ঢাকাসহ দেশের সব কেন্দ্রে এ সুবিধা প্রযোজ্য হবে।
এছাড়া এশিউর গ্রুপের ফ্ল্যাট ক্রয়ে ১০ শতাংশ, মানিকগঞ্জ ও কক্সবাজারের ডেরা রিসোর্টে ৩০ শতাংশ এবং কুষ্টিয়া-ঢাকা রুটে চলাচলকারী এসবি সুপার ডিলাক্স পরিবহনের টিকিটে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
বিনোদনপ্রেমী সদস্যদের জন্য আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম এবং চট্টগ্রামের ফয়েজ লেকের বিনোদন পার্ক ও রিসোর্টের নির্ধারিত সেবায় ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে প্রস্তাবিত এশিউর জেনারেল হাসপাতালে সব ধরনের পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের সুবিধা রাখার কথা জানানো হয়েছে।
অন্যদিকে, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালও সমিতির সদস্যদের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সমিতির নেতারা জানিয়েছেন, সদস্যদের চিকিৎসা, আবাসন, ভ্রমণ, পরিবহন ও বিনোদনসংশ্লিষ্ট সেবায় আর্থিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সমঝোতা ও ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সদস্যদের জন্য আরও নতুন প্রতিষ্ঠান ও সেবাকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সুবিধা গ্রহণের ক্ষেত্রে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বৈধ সদস্য কার্ড অথবা অপরচুনিটি আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সমিতির এ উদ্যোগকে ঢাকায় বসবাসরত কুষ্টিয়াবাসীর পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।