আরিফ নি‌শির::

বি‌দ্রোহী ক‌বি কাজী নজরুল ইসলা‌ে‌মের স্মৃ‌তি বিজ‌ড়িত চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গার মিশনপাড়া গ্রামের আটচালা ঘর। স্থানীয়ভাবে এটি হর্ষপ্রিয় বিশ্বাসের আটচালা ঘর হিসেবেই পরিচিত। যেখা‌নে অবস্থানকা‌লে ক‌বর সা‌হিত‌্যচর্চা আর দেশ‌প্রেম

পুরোনো আটচালা ঘরটি সহজেই নজর কাড়ে। বাইরে থেকে সাধারণ একটি বাড়ি মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি। প্রায় এক শতাব্দী আগে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে সপরিবারে এ বাড়িতে এসেছিলেন কবি। থেকেছেন, সাহিত্যচর্চা করেছেন, স্থানীয় বিপ্লবী ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বাড়িটির যে ঘরে তিনি থাকতেন, সেখানে এখনো সংরক্ষিত রয়েছে তাঁর ব্যবহৃত খাট ও আলমারি।

চুয়াডাঙ্গা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের দর্শনা রেলওয়ে স্টেশনের অদূরে মিশনপাড়ায় বাড়িটির অবস্থান। তৎকালীন নদীয়া জেলার কংগ্রেস নেতা এবং ভারতের শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হর্ষপ্রিয় বিশ্বাস ছিলেন বাড়িটির মালিক।

স্থানীয় ইতিহাস ও বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, ১৯২৬ ও ১৯২৭ সালে একাধিকবার কার্পাসডাঙ্গায় আসেন নজরুল। স্বদেশি আন্দোলনের নেতা মহিম সরকার ও বৈদ্যনাথ বাবুর সঙ্গে কলকাতার আমহার্স্ট স্ট্রিটে বসবাসকালে তাঁর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। তাঁদের আমন্ত্রণেই কার্পাসডাঙ্গায় আসেন নজরুল। এখানে হর্ষপ্রিয় বিশ্বাসের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। ১৯২৬ সালে স্ত্রী প্রমীলা, বড় ছেলে বুলবুল ও শাশুড়ি গিরিবালাকে নিয়ে প্রায় দুই মাস অবস্থান করেন তিনি।

সেই সময় কার্পাসডাঙ্গায় স্বদেশি আন্দোলনের তৎপরতা বাড়াতে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করতেন কবি। ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্মকাণ্ডেও বাড়িটি ব্যবহৃত হতো বলে বিভিন্ন তথ্যে উল্লেখ রয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি হওয়ার পরও তিনি কয়েকবার এখানে এসে অবস্থান নিয়েছিলেন বলে জানা যায়।

আটচালা ঘরটির সঙ্গে জড়িয়ে আছে সংগীতচর্চারও স্মৃতি। বাড়ির আঙিনায় ঝাউগাছের নিচে বসে মহিম সরকারের দুই মেয়ে আভা রাণী ও শিউলি রাণীকে গান শেখাতেন কবি। দিনের বেলায় তাঁদের গান শেখানোর সেই স্মৃতি আজও স্থানীয়দের কাছে বিশেষভাবে আলোচিত।

কার্পাসডাঙ্গায় অবস্থানকালে নজরুলের সাহিত্যচর্চার সঙ্গেও এই বাড়ির নাম জড়িয়ে আছে। বিভিন্ন তথ্যসূত্রে উল্লেখ রয়েছে, এখানে বসেই তিনি রচনা করেছিলেন বিখ্যাত ছড়া ‘লিচুচোর’, উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ এবং ‘পদ্মগোখরা’র মতো সাহিত্যকর্ম। এ ছাড়া তাঁর আরও কিছু কবিতা, ছড়া ও গানের সৃষ্টির স্মৃতিও এই জনপদের সঙ্গে সম্পর্কিত। স্থানীয়দের ধারণা, কার্পাসডাঙ্গার প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রা তাঁর সাহিত্যচর্চায় প্রভাব ফেলেছিল।

নজরুলের রাজনৈতিক ও সাহিত্যিক জীবনের এমন নানা স্মৃতি বহন করছে আটচালা ঘরটি। এখনো সেখানে সংরক্ষিত আছে কবির ব্যবহৃত খাট ও আলমারি। বাড়িটির উত্তরসূরিরা নিজেদের উদ্যোগে এসব স্মৃতিচিহ্ন যত্নে আগলে রেখেছেন। তবে নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করতে গিয়ে তাঁদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

হর্ষপ্রিয় বিশ্বাসের উত্তরসূরি প্রদ্যুত বিশ্বাসের দুই ছেলে প্রকৃতি বিশ্বাস ওরফে বকুল বিশ্বাস ও মধু বিশ্বাস বর্তমানে বাড়িটিতে বসবাস করছেন। কবি যে ঘরে অবস্থান করেছিলেন, সেই ঘরেই সস্ত্রীক থাকেন বকুল বিশ্বাস।

আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল বলেন, ‘চুয়াডাঙ্গার তৎকালীন জেলা প্রশাসক সাইমা ইউনূসের সময়ে তাঁর জমি অধিগ্রহণের বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। পরিবার নিয়ে ওই ঘরে বসবাস করতেও কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে।’

স্থানীয়দের মতে, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বাড়িটি অধিগ্রহণ করে সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষণ করা প্রয়োজন। সেখানে কবির ব্যবহৃত আসবাব, স্মৃতিচিহ্ন ও সাহিত্যকর্মের তথ্য নিয়ে একটি স্মৃতি জাদুঘর গড়ে তোলা গেলে দর্শনার্থী ও গবেষকদের জন্য তা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।

আটচালা ঘরের পাশাপাশি কার্পাসডাঙ্গায় নজরুলের স্মৃতির আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন ভৈরব নদের তীরের শানবাঁধানো ঘাট। প্রায় দুই মাস অবস্থানকালে অবসর সময়ে কবি মিশন স্কুলের বাগানসংলগ্ন এই ঘাটের সিঁড়িতে বসে সময় কাটাতেন বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। নদীর তীরের প্রকৃতি ও পরিবেশ তাঁর সাহিত্যচর্চার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে।

ঘাটলার সিঁড়ির কিছু অংশ এখনো টিকে থাকলেও যথাযথ সংস্কার ও পরিচর্যার অভাবে স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনেকটাই আড়ালে পড়ে আছে। স্থানীয়দের দাবি, আটচালা ঘরের পাশাপাশি ঘাটলাটিও পরিকল্পিতভাবে সংরক্ষণ করতে হবে।

কবির স্মৃতি রক্ষায় নব্বইয়ের দশকে কার্পাসডাঙ্গায় তাঁর জন্মজয়ন্তী পালন ও নজরুল মেলার আয়োজন করা হয়। পরে ২০১৬ সালে স্মৃতিবিজড়িত আটচালা ঘরের পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

এর পরবর্তীকালে আটচালা ঘর ও ভৈরব নদের ঘাটলার সিঁড়ির কিছু অংশ সংস্কার করা হয়। এ ছাড়া কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ মোড়ে নির্মাণ করা হয় নজরুল চত্বর।

তবে এসব উদ্যোগের পরও স্মৃতিবিজড়িত স্থানগুলোর দীর্ঘমেয়াদি সংরক্ষণ, নিয়মিত পরিচর্যা এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। নজরুল চত্বর নির্মাণকাজেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নজরুলপ্রেমীরা।

কার্পাসডাঙ্গা নজরুল ইসলাম স্মৃতি সংসদের সদস্যসচিব ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল বলেন, ‘বিগত সরকারের সময়ে নজরুল চত্বর নির্মাণে অনিয়ম হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করা প্রয়োজন। আটচালা বাড়িটি অধিগ্রহণ করে সরকারি উদ্যোগে সেখানে নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন উন্নয়নকাজ করা সম্ভব।’

স্মৃতি সংসদের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম বলেন, ‘কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে হাসপাতাল, নজরুল গবেষণা ইনস্টিটিউট, পাঠাগার, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা উচিত। এতে কবির স্মৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্ম তাঁর সাহিত্য ও জীবন সম্পর্কে জানার সুযোগ পাবে।’

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁদের কার্পাসডাঙ্গায় এসেছিলেন, এখানে থেকেছেন, সাহিত্যচর্চা করেছেন। অথচ তাঁর স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো সেভাবে সংরক্ষণ করা হয়নি। আটচালা ঘর ও ভৈরব নদের ঘাটলাটি যথাযথভাবে সংস্কার করে দর্শনার্থীদের জন্য উপযোগী করা দরকার। সরকার দ্রুত উদ্যোগ নিয়ে কবির স্মৃতি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে বলে তাঁরা আশা করেন।

স্থানীয় বাসিন্দা সাকিব বলেন, কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কার্পাসডাঙ্গা তাঁদের এলাকার গর্ব। কিন্তু এখানে এসে দর্শনার্থীরা কবির স্মৃতি সম্পর্কে জানার মতো পর্যাপ্ত তথ্য ও সুযোগ-সুবিধা পান না। একটি নজরুল গবেষণাকেন্দ্র, পাঠাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হলে নতুন প্রজন্ম কবির জীবন ও সাহিত্য সম্পর্কে জানতে পারবে।

এদিকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, কবি নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণে ভৈরব নদের পাড়, অডিটোরিয়াম নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কার্পাসডাঙ্গায় উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের বিষয়ে গত ২৫ অক্টোবর একটি চিঠি এসেছে। স্মৃতিবিজড়িত স্থানগুলোর পূর্ণাঙ্গ সংস্কারে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

কার্পাসডাঙ্গার আটচালা ঘর কেবল একটি পুরোনো বাড়ি নয়, এটি নজরুলের সাহিত্য, সংগীতচর্চা ও ব্রিটিশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের স্মৃতিবাহী একটি ঐতিহাসিক স্থাপনা। যে ঘরে বসে কবি সাহিত্য রচনা করেছেন, গান শিখিয়েছেন, বিপ্লবীদের সঙ্গে বৈঠক করেছেন, সেই ঘরটিই আজ যথাযথ সংরক্ষণের অপেক্ষায়। স্থানীয়দের প্রত্যাশা, বিচ্ছিন্ন সংস্কারের পরিবর্তে সমন্বিত পরিকল্পনা ও সরকারি উদ্যোগে আটচালা ঘর, ভৈরব নদের ঘাটলা এবং আশপাশের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ করা হবে। কার্পাসডাঙ্গা হয়ে উঠবে জাতীয় কবির জীবন, সাহিত্য ও ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রভ।