“আগে পাবনা সদর থেকে সরাসরি ঢাকার সঙ্গে ট্রেন চলাচল ছিল না। পাবনারই অন্য উপজেলায় গিয়ে সেখান থেকে ট্রেনে ঢাকায় যেতে হতো। এবার পাবনা থেকে সরাসরি আমরা ট্রেনে ঢাকায় যেতে পারব। এতে খরচ ও সময় কম লাগবে। সেই সঙ্গে আমাদের ব্যবসার প্রসার ঘটবে। সব মিলিয়ে আমরা উপকৃত হব। তাই ট্রেন চালু হওয়ার খবরে আমরা খুবই খুশি।”-এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করছিলেন পাবনা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী আলমাস আলী।
শুধু আলমাস আলী নন, তার মতো পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত পাবনার সর্বস্তরের মানুষ। কারণ, এটি ছিল পাবনার লাখো মানুষের প্রাণের দাবি।
অবশেষে দীর্ঘদিনের দাবি, অপেক্ষা ও নানা আলোচনা-সমালোচনার পর পূরণ হতে যাচ্ছে পাবনাবাসীর স্বপ্ন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। গত ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করে রেলপথ মন্ত্রণালয়। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই রেলসেবার নামকরণ করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে। ১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। যাত্রাপথে উভয় দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।
পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন এই রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, পাবনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। সড়কপথের যানজট ও যাত্রার অনিশ্চয়তা এড়িয়ে তুলনামূলক স্বস্তিদায়ক রেলযাত্রার সুযোগ পাবেন সাধারণ মানুষ।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান আখতার বলেন, পাবনার রেল যোগাযোগের ইতিহাস শত বছরের বেশি পুরোনো হলেও জেলা সদরের মানুষ এত দিন সরাসরি আন্তনগর ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এটি পাবনাবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও প্রত্যাশিত একটি অর্জন।
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবিএম ফজলুর রহমান বলেন, আমাদের জন্য এটি খুবই খুশির খবর। ট্রেন চলাচল নিয়ে অনেক সমালোচনা হয়েছে। হবে কি হবে না, তা নিয়েও সমালোচনা কম হয়নি। অবশেষে ট্রেন চলাচল শুরু হচ্ছে, এটি এখন বাস্তব। এর মাধ্যমে পাবনার উন্নয়ন অনেক এগিয়ে যাবে। ঢাকায় যাতায়াতে পাবনাবাসী সুফল পাবেন। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও অগ্রগতি হবে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই ট্রেন চালুর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে। পাবনার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল এটি। সেই দাবি বাস্তবায়নে আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, সেটি এখন চালুর অপেক্ষায়। বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। আশা করছি, সবার সহযোগিতায় পাবনা আগামীতে আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
উল্লেখ্য, পাবনার সঙ্গে রেল যোগাযোগের ইতিহাস শতবর্ষেরও বেশি পুরোনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের বিস্তার ঘটে। পরে ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে পাবনা জেলা সদর রাজধানীর সঙ্গে সরাসরি আন্তনগর রেল যোগাযোগের বাইরে ছিল। ফলে ঢাকা যাতায়াতে জেলার মানুষকে বাস কিংবা অন্য রুটের ট্রেনের ওপর নির্ভর করতে হতো।