নিজস্ব প্রতি‌বেদক  ::

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।’’

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একটি আধুনিক সেনাবাহিনী গড়ে না তুলে সমান্তরালভাবে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল। সেনাবাহিনীকে কাউন্টার করার জন্যই রক্ষীবাহিনী গঠন করা হয়। এ বাহিনী দিয়ে সারাদেশে বিরোধী দলকে দমন ও রক্তাক্ত করা হয়েছে। সারাদেশ থেকে প্রগতিশীল অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ সময় প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়।’’

তিনি আরও বলেন, ‘‘আজ সশস্ত্র বাহিনী দিবস। সিপাহী-জনতার ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহীরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে জনগণের সঙ্গে একাত্ম হয়েছিলেন। এই ৭ নভেম্বর বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র, অসংখ্য টেলিভিশন চ্যানেল এবং মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও জনগণের এক অপরিসীম অবদান রয়েছে।’’

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া ও কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও ডা. জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বর্তমান কমিটির সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ