নিজস্ব প্রতি‌বেদক ::

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে আজ মঙ্গলবার রয়টার্স জানায়, এই প্রথম হাসিনা দেশে ফেরার নির্দিষ্ট তারিখের কথা জানালেন।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

চলতি মাসের শুরুর দিকে তিনি নতুন পাস‌পোর্ট ও অন‌্যান‌্য ন‌থিপত্র চে‌য়ে আবেদন ক‌রেন। এ আবেদনের কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানালেন তিনি।

মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে আসা হয়েছিল, তাই তিনি এখন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার জন্য আকাশপথে পরিবহনের ব্যবস্থা করা হয়।

‘সংবিধান পরিপন্থীভাবে তাকে নির্বাসিত করা হয়েছে’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে তার প্রত্যাবর্তন এখন সরকারেরই দায়িত্ব।’

এ বিষয়ে রয়টার্স মন্তব্যের অনুরোধ জানালেও বাংলাদেশ সরকারের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

তবে গত রোববার বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।