নিজস্ব প্রতি‌বেদক ::

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি সরকারের নিয়মিত কাজ বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি (শেখ হাসিনা) আসিব আসিব বলেন। একবার বলেছেন নভেম্বরে আসবেন। একবার বলেন ডিসেম্বরে আসবেন। কবে আসবেন সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

আজ বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে। তাঁরা ষড়যন্ত্র করছে। তাঁরা সরকারের কঠোর নজরদারিতে আছে। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্ত, চার্জশিট ও বিচারিক কার্যক্রম শেষ হলে আদালত যে রায় দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

পোশাক শ্রমিকদের মজুরি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণের পরেও যারা রাস্তায় নামছে, আন্দোলন করছে, তাদের কেউ শ্রমিক নয়। তাদের সঙ্গে শ্রমিকেরা নেই। এদের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তি লকডাউন বা শাটডাউন দিচ্ছে। এদেশের মানুষ তা করতে দেবে না। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিচ্ছে। সরকার কৌশলে সাধারণ মানুষের প্রাণহানি না হয় তা নিশ্চিত করেছে, ভবিষ্যতেও করবে। তবে কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালালে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে, তারা কখনও রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা কখনও রাজনীতি করতে পারবে না। কোন রকম প্রাণহানি ছাড়া তাদের গোপালগঞ্জে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। যদি কেউ উগ্রবাদী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।