বিনোদন প্রতিবেদক::
বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিজের ‘ভাই’র মতো মনে করেন অভিনেতা অভিষেক বচ্চন। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে শাহরুখ তাকে আগলে রেখেছেন, দিয়েছেন পরামর্শ এবং ব্যক্তিগত দায়িত্বের মতো পাশে থেকেছেন—এমনটাই জানিয়েছেন জুনিয়র বচ্চন।
আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং ও পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা বলেন অভিষেক। ‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনে আসার আগের দিনগুলোর কথাও তুলে ধরেন তিনি।
অভিষেক জানান, বলিউডে পা রাখার আগে তারা প্রায়ই রোববার উদয় চোপড়ার বাড়িতে আড্ডা দিতেন। সেখানে অভিষেক ছাড়াও থাকতেন উদয় চোপড়া, সিকান্দার খের ও হৃত্বিক রোশন। রোববারের সেই আড্ডায় ক্রিকেট খেলা ছিল নিয়মিত আয়োজন। মাঝেমধ্যে সেই আড্ডায় যোগ দিতেন শাহরুখ খানও।
শাহরুখের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে অভিষেক বলেন, ছোটবেলা থেকেই কিং খানকে তিনি বড়ভাইয়ের মতো দেখে আসছেন। তার প্রতি রয়েছে ‘অসীম ভালোবাসা ও শ্রদ্ধা’।
শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, ক্যারিয়ারেও শাহরুখের কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন বলে জানান অভিষেক। তার ভাষায়, ‘আমার কাজ এবং আমার ক্যারিয়ারের প্রতি উনি সবসময় অত্যন্ত সহায়ক ছিলেন। শুধু তাই নয়, অতীতে বহুবার উনি আমার ব্যক্তিগত দায়িত্ব নিয়েছেন এবং বর্তমানে আসন্ন ‘কিং’ সিনেমাতেও সেই সমর্থন বজায় রেখেছেন।’
সেই পুরোনো আড্ডায় ক্রিকেটের পাশাপাশি সিনেমা ও অভিনয় নিয়েও চলত দীর্ঘ আলোচনা। তখন অভিষেক ও তার বন্ধুরা ক্যারিয়ার শুরুর অপেক্ষায়। তাই শাহরুখের কাছে অভিনয়ের নানা বিষয় জানতে চাইতেন তারা।
একবার অভিষেক শাহরুখকে প্রশ্ন করেছিলেন, তার নিজের অভিনয়জীবনের সবচেয়ে প্রিয় বা সেরা সিনেমা কোনটি। শাহরুখের উত্তরটি আজও তার মনে গেঁথে আছে।
শাহরুখ জানিয়েছিলেন, তিনি সেই মুহূর্তে যে সিনেমায় কাজ করছেন, সেটিই তার কাছে সবচেয়ে প্রিয়। কারণ, বর্তমানে যে কাজটি করছেন সেটি যদি তার পছন্দের না হয়, তাহলে সেই কাজ করারই বা প্রয়োজন কী?
শাহরুখের এই দর্শন অভিষেকের কাজের ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছে। অতীতের সাফল্য বা ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে বর্তমানে যে কাজটি করছেন, সেটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সেরা করে তোলার চেষ্টা করেন তিনি।
এর আগে ‘কভি আলবিদা না কেহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও অভিষেক। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই তারকাকে। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে

