মিহিরুজ্জামান::
সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের প্রবেশ পথ বন্ধ করে বনদস্যু নির্মূলের দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিরা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা নৌকা নিয়ে অংশগ্রহণ করেন। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন বলে জানান, বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন। বনদস্যু নির্মূলের দাবিতে ইতো মধ্যে মানববন্ধন, গণমিছিল,অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে জেলে-বাওয়ালিদের অভিযোগ, এত কর্মসূচির পরও সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ হয়নি। ফলে তাঁদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। নৌবন্ধন কর্মসূচি থেকে জেলেরা সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের উদ্ধার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক জেলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা আরও বলেন,বনদস্যুদের ভয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ রাখতে হলে উপকূলের হাজার হাজার জেলে পরিবারের জীবিকা মারাত্মক সংকটে পড়বে। তাই শুধু আশ্বাস নয়, বনদস্যু নির্মূলে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তাঁরা।
জেলে বাবলু বলেন,সুন্দরবন তাঁদের জীবিকার অন্য তম প্রধান উৎস। এই জীবিকা রক্ষা এবং নিরাপদে বনে প্রবেশের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

