ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

আমরাই ফেভারিট, অন্য দলকে নিয়ে ভাবছি না: হামজা চৌধুরী

muktabangla
নভেম্বর ১০, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন না দলের সেরা তারকা হামজা চৌধুরী। সেই ম্যাচ ঘাম ঝরিয়ে অবশ্য জিততে পেরেছে বাংলাদেশ দল। এরপর গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটানের পয়েন্ট ভাগাভাগিতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় টমাস ডুলির দলের। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে নিজেদের পরিস্কার ফেভারিট বলে আখ্যা দিয়েছেন হামজা।

শেফিল্ড ইউনাটেড তারকা ক্লাব ব্যস্ততা শেষ করে কিছুটা দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ছিলেন না। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন হামজা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, টুর্নামেন্টের অন্য কোনো দলকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের খেলাতেই নজর রাখতে চান তারা।

প্রতিপক্ষকে নিয়ে বাড়তি না ভেবে হামজা বলেন, ‘অন্য দল নিয়ে আমাদের চিন্তিত হতে হবে না, আমাদের কেবল নিজেদের নিয়ে চিন্তা করতে হবে। এবং প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’

শ্রীলঙ্কান কোচের সাম্প্রতিক বক্তব্য কিংবা তাদের সাম্প্রতিক উন্নতিকে শ্রদ্ধা জানালেও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বেজায় আশাবাদী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা থাকা তারকা। ২০০৩ সালে সর্বশেষ ঘরের মাঠে সাফের শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ ২৩ বছরের সেই খরা কাটানোর পথেই হাঁটছে দল। এবারের টুর্নামেন্টে জয়ের সবচেয়ে বড় দাবিদার কে—এমন প্রশ্নে কোনো দ্বিধা রাখেননি হামজা, ‘আমার মনে হয় আমরাই ফেভারিট হব। আমি অন্তত তা-ই ভাবতে চাই।’

হামজা জানান, দলের ভেতর দারুণ এক পারিবারিক পরিবেশ বিরাজ করছে এবং সবার লক্ষ্য একটাই—দীর্ঘ দিন পর সাফের ট্রফি দেশের মাটিতে ফিরিয়ে আনা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে জয় পেলে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে লড়াই করবে বাংলাদেশ। আর ঘরের মাঠে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।