ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ-দুর্নী‌তি-আইন শৃংখলা
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম ও ধর্ম
  9. এবি‌সি টি‌ভি
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গন মাধ‌্যম ও সাংবা‌দিকতা
আজকের সর্বশেষ সবখবর

হাজার কৃষকের ভাগ্য বদলকা‌রি ও লাভজনক শিল্প দর্শনা কেরু চিনি

muktabangla
নভেম্বর ১০, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক::
দর্শনা কেরু চিনিমিল দেশের অর্থনীতিতে এক অনন্য ও লাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী এ ভারী শিল্প প্রতিষ্ঠানটি ৮৮ বছর ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে দামুড়হুদা উপজেলার দর্শনা শহরে এ কোম্পানিটি অবস্থিত।

রবার্ট রাসেল ১৯৩৮ সালে মিলটি প্রতিষ্ঠা করেন। এ চিনি কলকে ঘিরে দর্শনা শহর গড়ে উঠেছে। মিল থেকে এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হয়েছে। এটি একটি বিশাল শিল্প কারখানা। যার মধ্যে রয়েছে চিনি কারখানা, ডিস্টিলারি, জৈব সার ও ওষুধ কারখানা। ২৫-২৬ অর্থ বছরে কেরু চিনিমিল থেকে মুনাফা পাওয়া গেছে ১শ’ ৬৪ কোটি টাকা।

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ চিনি কল চুয়াডাঙ্গার হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। প্রধানত চিনি কলের কারণে কালক্রমে গড়ে উঠেছে দর্শনা শহর।

বর্তমানে এ প্রতিষ্ঠানে ৫৯ জন কর্মকর্তাসহ ১ হাজার ৩শ’ জন কর্মচারী ও শ্রমিক কাজ করছেন। পাশাপাশি ৫ হাজার কৃষকসহ লক্ষাধিক মানুষ এ প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা ভোগ করছেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে মিলটি জাতীয়করণ করা হয়। তখন থেকে অদ্যাবধি এটি কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লি.নামে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন পরিচালিত হয়ে আসছে।

অপরদিকে, কেরুর উৎপাদিত জৈব সারের ব্যাপক চাহিদা রয়েছে। ১০ বছর ধরে সোনার দানা নামে জৈব সার উৎপাদন করা হচ্ছে এ কারখানায়। গত বছর এ সার কারখানা থেকে আড়াই হাজার মেট্রিক টন জৈব সার উৎপাদন করা হয়। চলতি বছরে সাড়ে ৩ হাজার মেট্রিক টন জৈব সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিলটি। প্রেসমাড (press mud), ড্রিস্ট্রিলারীর গাদ ও আমদানিকৃত মাইক্রোবস(Microbes) এর সম্বন্বয়ে তৈরি করা হচ্ছে জৈব সার। প্রতি কেজি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ টাকা। ৫০ কেজির ১ বস্তা সার বিক্রি করা হচ্ছে ৯শ’ টাকা।

কেরুর কৃষি খামারের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম ভূঁইয়া বলেন, এ প্রতিষ্ঠানে মোট জমির পরিমান ৩ হাজার ৫শ’ ৫৬ একর। এর মধ্যে চাষযোগ্য জমি রয়েছে ২ হাজার ৪শ’ ১০ একর।

প্রতিবছর কেরুর নিজস্ব ১ হাজার ৫শ’ একর জমিতে আখ চাষ করা হয়। চলতি বছর ৩ হাজার ৬শ’ ৫ জন কৃষক কেরু থেকে সুবিধা নিয়ে আখ চাষ করেছেন। বর্তমানে মিল গেটে প্রতি কেজি আখের দাম দেয়া হচ্ছে ৬.৫১ টাকা ও মিলের বাইরে ৬.৩৭ টাকা। অর্থাৎ প্রতি মণ আখের দাম কৃষক পাচ্ছে ২শ’ ৪০ টাকা।

এদিকে কেরুর উৎপাদিত প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১শ’ ৩০ টাকা, লুজ চিনি ১শ’ ২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। কেরু উৎপাদিত চিনি দেশের বিভিন্ন এলাকায় ডিলারদের মাধ্যমে বাজারজাত করা হয়। বাজারে কেরুর চিনির প্রচুর চাহিদা রয়েছে বলেও তিনি জানান।

দর্শনা চিনিকলে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমে ৬৫ হাজার ৪শ’ ৬৮ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৫শ’ ৬৪ মেট্রিক টন চিনি উৎপাদন করে। ৬৪ কার্যদিবসে ৫ হাজার ৫শ’ ৬২ একর জমির আখ মাড়াই করে মিলটি। চিনি আহরণের গড় হার ছিলো ৫.৪৪।

চলতি ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমের উদ্বোধনের দিনধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর।

গত বছরের থেকে এবার ২শ’ ৪০ একর বেশি জমিতে আখের চাষ করা হয়েছে। এ মৌসুমে ৫ হাজার ৮শ’ ২ একর জমিতে আখ চাষ করা হয়েছে। তাতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার মেট্রিক টন। এর থেকে চিনি উৎপাদন হবে ৪ হাজার ৮শ’ মেট্রিক টন। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৬ ভাগ।

এদিকে আগামী ২০২৭-২০২৮ মৌসুমে মিলটি আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬ হাজার ৩শ’ একর জমিতে। ইতিমধ্যে মাঠে আখ রোপণ শুরু হয়েছে। আখের আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে কয়েক বছর ধরে কৃষকদেরকে নানাভাবে অনুপ্রাণিত করা হচ্ছে। এ কারণে গত দুই বছরের ব্যবধানে আখ চাষ বেড়েছে ৮শ’ একর জমিতে।

দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতির কারণে চিনিকলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ সমস্যা সমাধানে প্রায় ১শ’ ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে চিনিকলের বিএমআরই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫ সালের শেষের দিকে প্রকল্পের কাজ শেষ হয়।

২০২৫-২৬ মাড়াই মৌসুমে ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে আধুনিকায়নের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত বছর বিএমআরই আংশিক সুবিধা পাওয়া যায়। চলতি বছর থেকে পুরোপুরি বিএমআরই সুফল পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে। এরফলে চিনি উৎপাদন বাড়বে। কমবে সিসটেম লস। আখ চাষে আরো বেশি কৃষককে সম্পৃক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে আখের মূল্য বাড়ানো হয়েছে। সহজ শর্তে সার, বীজ, কীটনাশক ও নগদ লোনের ব্যবস্থা করছে সরকার।

কেরুর উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুস সাত্তার বলেন, চিনি উৎপাদন খাতে লোকসান থাকলেও ডিস্ট্রিলারী খাতে প্রতি বছর বড় অংকের মুনাফা অর্জণ করে মিলটি। চিনি উৎপাদন করে গত ২৪-২৫ অর্থ বছরে ৬২ কোটি ও ২৫-২৬ অর্থ বছরে ৬০ কোটি টাকা লোকসান হয়। এ লোকসান বাদ দিয়েও ডিস্ট্রিলারী খাতে মিলটি গত ২৪-২৫ অর্থ বছরে ১শ’ ২৮ কোটি টাকা ও ২৫-২৬ অর্থ বছরে ১শ’ ৬৪ কোটি টাকা লাভ করে।

কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেরু এন্ড কোম্পানি ২০২৫-২৬ মাড়াই মৌসুমে প্রায় ৬৫ হাজার ৪শ’ মেট্রিক টন আখ মাড়াই করে।

তিনি বলেন, আমরা কৃষকদের বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকি, আগাম আখ চাষের ওপরে একটা প্রণোদনা আছে। এছাড়াও বিভিন্ন ভর্তুকির মাধ্যমে আখ চাষিদেরকে বিভিন্ন সহায়তা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।