নিজস্ব প্রতিবেদক ::
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পায়। গ্রামের একেকটি বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকে, সে হিসাবে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হবে বলে ফায়ার সার্ভিসের ধারণা।
এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হন। তাঁরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।
বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল বিকেলে হঠাৎ করে সাবেক এমপি বি এম কবিরুল হক (মুক্তি), সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা করেন বিএনপির লোকজন। এ সময় বেন্দারচর গ্রামের প্রায় ৫০টি বাড়ি–ঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া উপজেলার বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে কারও বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এগুলো হয়েছে বলে যে প্রচার চলছে, সেটা কাল্পনিক।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম আজ বলেন, গতকাল সন্ধ্যার আগে আগে সাবেক এমপির বাসাসহ কয়েকটি বাসা ও ১৫–২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক এমপি বি এম কবিরুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পেরেছেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারা হামলা করেছে, এ বিষয়ে প্রশাসন নিশ্চিত নয়। এটা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যে প্রচার চলছে তা মিথ্যা ও বানোয়াট। আগে ধারণ করা ও এআই দিয়ে নির্মিত ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুন্ন করছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা তাদের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।
হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তাঁরাও বিএনপির সঙ্গে আছেন। তিনি আরও বলেন, ‘ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।’
পুলিশের বিজ্ঞপ্তিতে হামলার ঘটনা
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ও অন্য কিছু লোক বেন্দারচর গ্রামে জড়ো হন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আজ শনিবার দুপুরে বলেন, বিএনপির নিহত দুই নেতার স্বজন–সমর্থকেরা ওই গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে হামলা–ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু অধ্যুষিত না। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, ঘটনা তেমন না।
অগ্নিসংযোগের বিষয়ে ফায়ার সার্ভিসের বক্তব্য
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, গতকাল বিকেল চারটার দিকে আগুন লাগে। কেউ তাদের কল করে জানায়নি। প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিকভাবে তাঁরা সেখানে যেতে পারেননি। পরে রাত আটটার দিকে তাঁরা ঘটনাস্থলে যান। তখন অনেক বাড়িতে আগুন ছিল, তবে আগুনের মাত্রা কম ছিল। কিছু বাড়ির আগুন তাঁরা নিভিয়েছেন, কিছু নিজে থেকে নিভে গেছে। আনুমানিক ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল। বাড়িতে তিন থেকে চারটি করে ঘরও থাকে, সে হিসাবে সংখ্যাটা বেশ অনেক হবে।
সরেজমিনে বেন্দারচর গ্রামের সকালের চিত্র
আজ সকাল সাড়ে ১০টার দিকে বেন্দারচর গ্রামে ঢুকতেই দেখা যায়, ভ্যানে করে কিছু মালামাল নিয়ে এলাকা ছাড়ছেন এক নারী। সঙ্গে ছোট সন্তান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, ‘তিনটা গরু ছিল, নিয়ে গেছে। ঘরে মাল-জিনিস একটাও নাই। টিভি-ফ্রিজ, ১০টা কম্বল, দুইটা ট্রাংকে যত মাল ছিল, তিনটা ঘরের কোনো মাল, জিনিস নাই। একটা কাঁথাও নেই যে আমারা গায়ে দেব। কলের (টিউবওয়েল) থেকে মোটরডা পর্যন্ত ভাইঙ্গে নিয়ে গেছে।’ তাঁর জা–কে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
মুক্তা খানম নামের আরেক নারী বলেন, ‘ঘটনা হচ্ছে জুম্মার নামাজের পর। প্রায় চার শ লোক আসছেলো। আইসে ভাঙচুর কইরে, যেখানে যা ছিল, সব গাড়ি ভরে নিয়ে গেছে। এরা সব কালিয়ার লোকজন, বিএনপির লোক। সারা বেন্দারচর ভইরে এরকম করছে।’
গ্রামে গিয়ে প্রবীণ পুরুষদের ছাড়া বাড়িতে অন্য কোনো পুরুষ দেখা যায়নি। নারীদের অনেককে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে।

