নিজস্ব প্রতিবেদক ::
গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, তাঁর (হাসিনা) সঙ্গে এ বিষয়ে সরকারের কোনো আলোচনা হবে না। আলোচনা হবে ভারতের সঙ্গে।
শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনার মধ্যে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা জাহেদ উর রহমান। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন।
দুপুরে সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমানকে শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাঁকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।’
শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, তা নিয়েও ভারতের সঙ্গে আলোচনা করতে হবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী তাঁর সাঙ্গোপাঙ্গসহ ভারতে অবস্থান করছেন। তিনি বিমানে, হেঁটে নাকি অন্য কোনোভাবে দেশে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে হবে।

