নিজস্ব প্রতিবেদক ::
তৈরি পোশাকশ্রমিকদের নতুন নির্ধারিত ১৭ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি মার্কিন ডলারের হিসাবে ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দাঁড়াচ্ছে প্রায় ১৩৭ ডলার। অন্যদিকে, এইচঅ্যান্ডএমের ২০২৫ সালের সরবরাহকারী কারখানার তথ্য অনুযায়ী, ভারতে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২৪ ডলার এবং পাকিস্তানে ১৩৫ ডলার। সে হিসাবে বাংলাদেশের নতুন মজুরি ভারতের চেয়ে ১০ দশমিক ৬ শতাংশ ।
বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে মজুরির এই তুলনামূলক চিত্র উঠে এসেছে বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের প্রকাশিত তথ্য এবং বাংলাদেশের নতুন মজুরিকাঠামো থেকে।
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, পোশাকশিল্পের সামগ্রিক সক্ষমতা ও অন্যান্য দিক বিবেচনায় নতুন ঘোষিত মজুরিকাঠামো সর্বোচ্চ। আঞ্চলিক অনেক প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে।
ডলারের হিসাবে বাংলাদেশের মজুরি কত?
প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশের নতুন ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৭ দশমিক ১০ ডলার। আগে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে হয়েছে ১৭ হাজার টাকা। অর্থাৎ মাসিক মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
অন্যদিকে, এইচঅ্যান্ডএমের ২০২৫ সালের সরবরাহকারী কারখানার তথ্য অনুযায়ী, ভারতে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২৪ ডলার এবং পাকিস্তানে ১৩৫ ডলার। সেই হিসাবে বাংলাদেশের নতুন মজুরি ভারতের তুলনায় ১৩ ডলার এবং পাকিস্তানের তুলনায় ২ ডলার বেশি।
কোন তথ্যের ভিত্তিতে এই তুলনা?
বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের ২০২৫ সালের ‘ওয়েজেস ইন আওয়ার সাপ্লাই চেইন’ ড্যাশবোর্ডে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ আটটি গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশের শ্রমিকদের মজুরি পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
২০২৬ সালের মার্চে হালনাগাদ করা এই ড্যাশবোর্ডে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এতে সরবরাহকারী কারখানার শ্রমিকদের গড় মাসিক মজুরি এবং নিম্নতম মজুরির তথ্য আলাদাভাবে দেখানো হয়েছে।
এইচঅ্যান্ডএম ২০১৩ সাল থেকে তাদের সরাসরি সরবরাহকারী কারখানাগুলোতে শ্রমিকদের মজুরি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির ড্যাশবোর্ডে দেশভিত্তিক তথ্য স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার- দুই হিসাবেই প্রকাশ করা হয়। অঞ্চল, রাজ্য ও শ্রমিকের শ্রেণিভেদে মজুরির পার্থক্য বিবেচনায় নিয়ে নিম্নতম মজুরির ভারসাম্যপূর্ণ গড় হিসাব করা হয়।
যদিও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মজুরির এই তুলনায় সময়ের পার্থক্য রয়েছে। বাংলাদেশে নতুন ১৭ হাজার টাকার মজুরি নির্ধারিত হয়েছে ২০২৬ সালের নভেম্বরে। অন্যদিকে, ভারত ও পাকিস্তানের তুলনামূলক তথ্য ২০২৫ সালের। ফলে এটি একই সময়ের তিন দেশের জাতীয় আইনগত ন্যূনতম মজুরির তুলনা নয়; বরং বাংলাদেশের নতুন ঘোষিত মজুরির সঙ্গে এইচঅ্যান্ডএমের সরবরাহকারী কারখানার সর্বশেষ প্রকাশিত তথ্যের তুলনা।
নতুন মজুরিকাঠামোয় চার গ্রেডে কত টাকা?
নতুন মজুরিকাঠামোয় তৈরি পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। গ্রেড অনুযায়ী মাসিক ন্যূনতম মজুরি হলো-
গ্রেড-১: ২১ হাজার ৫০০ টাকা।
গ্রেড-২: ২০ হাজার টাকা।
গ্রেড-৩: ১৯ হাজার ২০০ টাকা।
গ্রেড-৪: ১৭ হাজার টাকা।
নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
যেভাবে নির্ধারণ হলো ১৭ হাজার টাকা
নিম্নতম মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নতুন সিদ্ধান্তে তিন বছরের ব্যবধানে আবারও শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল।
নতুন মজুরিকাঠামো কার্যকর হলে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক আয়ের পরিমাণ ১৭ হাজার টাকা হবে।

