আর্ন্তজাতিক প্রতিবেদক ::
নোভেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে আইসিসির কৌঁসুলি ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। এবার আদালতকে সেবা দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।
২০০২ সালে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় আইসিসি। বর্তমানে আদালটির সদস্যরাষ্ট্রের সংখ্যা ১২৫।
আইসিসির ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র তার মিত্রদেরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। রুবিও সতর্ক করে বলেন, আইসিসিকে তার হুমকি বন্ধ করতে হবে, নতুবা যুক্তরাষ্ট্র আদালটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেবে।
তবে নিষেধাজ্ঞার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন স্বার্থ সুরক্ষায় দেশটির অর্থ মন্ত্রণালয় কিছু লাইসেন্স দেবে। এর মাধ্যমে নিষেধাজ্ঞার আওতাভুক্ত নির্দিষ্ট কিছু কার্যক্রমে সাময়িক ছাড় দেওয়ার সুযোগ থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দেশটির প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করার ওপর বিধিনিষেধ তৈরি হতে পারে। এর আওতায় ব্যাংক হিসাব বন্ধ, বীমা সেবা প্রত্যাহার এবং সফটওয়্যার-সংক্রান্ত সহযোগিতা বন্ধ হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
নিষেধাজ্ঞার আশঙ্কায় অবশ্য গত কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছিল আইসিসি। আদালতটি মাইক্রোসফটের সফটওয়্যারের বিকল্প হিসেবে উন্মুক্ত সফটওয়্যার ব্যবহারের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ব্যাংকিং ও স্বাস্থ্যবীমার বিকল্প ব্যবস্থাও করা হয়েছে।
আইসিসির রেজিস্ট্রার ওসভালদো জাভালা গিলার ইউরোপীয় ইউনিয়নের প্রতি সদস্য দেশগুলোকে মার্কিন নিষেধাজ্ঞার বহির্দেশীয় প্রভাব থেকে সুরক্ষায় ‘ব্লকিং ব্যবস্থা’ চালুর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ঘোষণা প্রসঙ্গে নোবেল কমিটি বলেছে, আন্তর্জাতিক আইনের বিচারক ও প্রতিষ্ঠানগুলো যখন রাজনৈতিক আক্রমণের মুখে পড়ছে, তখন এই পুরস্কার একটি গুরুত্বপূর্ণ স্মারক। যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং নির্যাতনের শিকার মানুষকে ন্যায়বিচার নিশ্চিত করা শান্তিপূর্ণ বিশ্বের পূর্বশর্ত বলেও উল্লেখ করেছে কমিটি

